×
Logo

সারাদেশ

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। 

জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে নাফিজ। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেফতার করে পুলিশ।

পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার ৩ বছর আসামি নাফিজকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড রায় ঘোষণা করে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। 

এ বিষয়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে মামলার বাদী ন্যায়বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষও সন্তুষ্ট হয়েছেন।

/এসআর 

Logo