‘ধর্মান্ধতা’ শব্দ নিয়ে সাতক্ষীরা ডিসির বিরুদ্ধে অপপ্রচারে জেলা বিএনপির প্রতিবাদ
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (২৪ জুন) বিকেলে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক তার বক্তব্যে ব্যবহৃত ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে খাটো, হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং তিনি রাষ্ট্রের নীতি ও চেতনাকে ধারণ করে যুব সমাজে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড প্রসারের গুরুত্ব তুলে ধরার প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন।
আরও বলা হয়, দুঃখজনকভাবে তার বক্তব্যকে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সাতক্ষীরা জেলা বিএনপি মনে করে, কোনো বক্তব্যকে তার প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বশীলতার পরিপন্থী। সাতক্ষীরা জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
অপরদিকে, ‘ধর্মান্ধ’ শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ওলামা মাশায়েখ পরিষদ। বিকেল ৫টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন করা হয়।
আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদ সাতক্ষীরার সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। জেলাবাসীকে ধর্মান্ধ বলে আখ্যা দিয়ে বক্তব্য দেওয়া জনগণের প্রতি অসম্মানজনক। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জুন) সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এক সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ দেশকে এগিয়ে নিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের এক প্রসঙ্গে ‘ধর্মান্ধতা’ শব্দ ব্যবহার করেন জেলা প্রশাসক।
/এসআইএন