নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নরসিংদী করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৩০ পিএম
রেললাইনের পাশে মরদেহ উদ্ধারকৃত স্থানে জনতার ভীড়
নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) শহরের তরোয়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তরোয়া মাজার এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া বলেন, ব্যক্তিটি ২ থেকে ৩ মাস যাবৎ মাজার এলাকায় ভবঘুরের মত ঘুরাফেরা করতো। রাতে মাজারের আশেপাশেই ঘুমাতো সে। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই কে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসআর