প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কৃষক মারা গেছেন
টাঙ্গাইল করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৪৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কার্ড নিয়ে ভাইরাল হওয়া টাঙ্গাইলের সেই কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
পরিবারের সদস্যরা জানান, এদিন সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কবির হোসেন।
স্বজনরা আরও জানান, সকাল থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। পরে টাঙ্গাইলের একটি স্থানীয় ক্লিনিকে গেলে ইসিজি পরীক্ষার পর তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাড়ি ফিরে আসেন।
তবে সন্ধ্যায় আবারও বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে বাড়িতে ফেরার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালে আনার আগেই কবির হোসেনের মৃত্যু হয়েছে।
কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। পরে তাকে ‘ভুয়া কৃষক’ আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয়।
পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
/এমএসটি