×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খালে পড়ে হেলপারের মৃত্যু

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খালে পড়ে হেলপারের মৃত্যু

ছবি: দুর্ঘটনা কবলিত ট্রাক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে রাসেল নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৫) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক চম্পকনগর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিজয়নগর উপজেলার মিলন বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার রাসেলের মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 

এ বিষয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকের নিচে চাপা পড়ে থাকা হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসআর 

Logo