×
Logo

সারাদেশ

গাইবান্ধায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব, শিবির নেতা নিহত

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:২৮ পিএম

গাইবান্ধায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব, শিবির নেতা নিহত

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী (২২) নামে ছাত্রশিবির নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২১ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হামলায় আহত হন সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে গত ১৬ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন স্থানীয় মাসুম কামাল সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ তাকে জানান, তিনি জুমারবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকায় নির্বাচনে অংশ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, রোববার শিক্ষা অফিস থেকে ফেরার পথে বোনারপাড়ার একটি চায়ের দোকানে অবস্থানকালে কয়েকজন তাকে লক্ষ্য করে গালিগালাজ করেন। এ সময় তার ভাতিজা মোফাচ্ছের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার পর সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান মুকুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

/এমএসটি/এএম


Logo