×
Logo

সারাদেশ

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। 

নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের বাসিন্দা মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, নিহত ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে যুক্ত ছিলেন। তার মৃত্যুর পরে ছাত্রলীগের নেতাদের সাথে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এই ঘটনার নিন্দা ও বিচার দাবী করেছেন জেলা ছাত্রলীগের একাধিক নেতা। অপরদিকে প্রান্ত কে নিজেদের কর্মী জানিয়ে ফেসবুকে একটি শোক বার্তা পোস্ট দিয়েছে জেলা ছাত্রলীগ। 

নিহতের পরিবার জানায়, শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির নিকট থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়।

নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, শারীরিকভাবে আঘাতের কোন চিহ্ন তার শরীর নেই। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

/এএন 

Logo