ছবি: গ্রেফতার অভিযুক্ত সুমন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী যুবক সুমনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
আটককৃত যুবক সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ির মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক ব্যক্তির কাছ থেকে কারা ১০০শ টাকা নেয়। টাকা নেওয়ার বিষয়ে স্থানীয় যুবক সুমন ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সাথে বাগ্বিতণ্ডা শুরু করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ মূল্য সামগ্রীও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করেছে। স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলার কারণ তদন্তে রেলওয়ে পুলিশ কাজ করছে।
/এসআর