×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগরউপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে, পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ রয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী- আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। 

এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। 

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত সরে যায়। পরে আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ডাকাতদের হামলায় সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন| তবে হামলার সময় ডাকাতেরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে, তাকে কুপিয়ে পালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। 

/এআই


Logo