বিশ্বকাপ উপলক্ষে জামালপুরে টানানো আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় জিডি
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
বিশ্বকাপ উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো ২০ ফুট দীর্ঘ একটি বিশালাকার পতাকা চুরির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলটির এক সমর্থক। শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মূলত, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের একটি ক্লাবের সদস্যরা তহবিল গঠন করেন। সেই টাকা দিয়ে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে। পরে সেটি এলাকার নদীর পাশের একটি উঁচু খুঁটিতে টাঙিয়ে দেন সমর্থকেরা। পরে পতাকাটি না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা।
সমর্থক টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরাও ব্যথিত হয়েছেন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে কেউ কেউ এই পতাকার জন্য অর্থ দিয়েছেন। তাই এই ঘটনায় যারা জড়িত, তাদের উপযুক্ত শাস্তি দরকার।
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, এ বিষয়ে জিডি পেয়েছি। তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমএসটি