রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
রাজশাহী করেসপনডেন্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৩৬ এএম
খাবার কেনাকে কেন্দ্র করে রাজশাহীতে একই মালিকের দুইটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌঁনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার 'বাংলা টিফিন' ও 'বঙ্গভোজ' নামের দুই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
হামলার সময় দুর্বৃত্তদের হাতে লাঠি, ছুরি, রামদাসহ নানান দেশীয় অস্ত্র দেখা গেছে এবং তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মতিহার থানার কন্সটেবল ফয়েজ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বিনোদপুরের বাংলা টিফিন হোটেলে খাবার কিনতে আসেন স্থানীয় রমজান নামের এক ব্যক্তি। খাবার দিতে সময় বেশি নেওয়ায় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এর কিছুক্ষণ পরেই রমজানের অনুসারীরা ছুরি, চাপাতিসহ নানান দেশীয় অস্ত্র নিয়ে বিনোদপুর বাজারের বাংলা টিফিন ও মন্ডলের মোড় এলাকার বঙ্গভোজ হোটেলে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ৪টি ককটেল বিস্ফোরণ করা হয়।
হামলার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, 'স্থানীয় রমজান নামক এক নেতা বাংলা টিফিনে খাবার কিনতে যান। তাকে হোটেল থেকে একটি প্যাকেট খাবার দেন এবং অন্য আরেকটি প্যাকেট দিতে ২০ মিনিট সময় লাগবে বলে জানান। এতে তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু ততক্ষণে রমজানের লোকজন দলবেঁধে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা করে।'
/এমএইচআর