×
Logo

সারাদেশ

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

মুন্সিগঞ্জ করেসপডেন্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৫ পিএম

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) বিকেলে জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলাম শাসন নয়, দেশের সেবা করতে চায়।'

বাজেটের পর বাজারে পণ্যের দাম না কমার সমালোচনা করে জামায়াত আমির বলেন, 'রাষ্ট্রীয় দায়িত্বে না গেলে কিছু কাজ করা যায় তবে বড় কাজ করা যায় না। একটি বাজেট দেয়া হয়েছে যেখানে ৫০ থেকে ৬০ আইটেমের পণ্যের দাম কমানো হয়েছে, কিন্তু বাজারে কি কমেছে?  কমে না কারন সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পেলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের বুকে থাকবে না।'

তিনি আরও বলেন, 'যে দল তার কর্মীদেরকে সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না , সেই দলের দেশ শাসন করার অধিকার থাকতে পারে না । যে দল তার নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দলই দেশে সুশাসন দিতে পারবে। বিচারের ভার জনগনের হাতে। আমরা এ দেশে শাসন করতে চাইনা এদেশের সেবা করতে চাই।' 

জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক রুকন সদস্য উপস্থিত ছিলেন।

/এমএইচআর

Logo