×
Logo

সারাদেশ

স্বল্প সময়েই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী

লালমনিরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

স্বল্প সময়েই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প: পানিসম্পদ মন্ত্রী

পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাস হয়েছে, টেকনিক্যাল টিমের প্রতিবেদন পেলে স্বল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প একনেকে পাস করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তিস্তা ও নীলফামারী-রংপুর বিভাগের নদী ও খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, এরই মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তারা পরিকল্পনা প্রতিবেদন জমা দেবে। এরপরই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এখন কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করছে। আমরা এতদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলন করছি, তখন তাদের চেহারা দেখা যায়নি। এখন তারা ক্রেডিট নিতে চায়। তবে যাই হোক না কেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এর আগে, দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাআল্লাহ রক্ষা করতে সক্ষম হবো। সেই কাজটুকু করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এক্সপার্টদের সঙ্গে একত্রিত হয়েছি।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা অতীব প্রয়োজন। শুধু এখানে নয়, গোটা দেশের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আজকে টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শনে এসেছি।

/এসআইএন

Logo