নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নোয়াখালী
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
নোয়াখালীর চাটখিলে মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।
স্থানীয়রা জানান, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচের সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসআর