চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ করেসপনডেন্ট, চু
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১৮ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ আহমেদ (১৮) ও সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)। আহত আব্দুল কাদের (২৫) একই উপজেলার ডুগডুগি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। কয়েক মাস থেকে তারা সরোজগঞ্জ কমপ্যাক্ট ইন্সটিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট এ ট্রেনিং করছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরছিলেন রাজ, মামুন ও কাদের। দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন রাজ ও মামুন। গুরুতর আহত হন আব্দুল কাদের। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয় লোকজন ও দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, ওই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
/এমএইচআর