×
Logo

সারাদেশ

জামালপুরে যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

জামালপুরে যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

উদ্ধার অভিযান চলাকালীন স্থিরচিত্র

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশু ইস্রাফিল ও ওসমান গনির মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। 

নিখোঁজ শিশু  ইস্রাফিল (৭) রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার এবং ওসমান গনি একই গ্রামের শামীম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে ইস্রাফিল ও ওসমান গনি তলিয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলেও এরই মধ্যে দুই শিশু নদীতে নিখোঁজ হয়। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর একইদিন সন্ধ্যা ৭টার দিকে প্রথমে ইস্রাফিল এবং পরে ওসমান গনির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। তারপরও দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

/এমএসটি 

Logo