×
Logo

সারাদেশ

আম্মারের বিরুদ্ধে হল সংসদের জিএসকে মারধরের অভিযোগ

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

আম্মারের বিরুদ্ধে হল সংসদের জিএসকে মারধরের অভিযোগ

ফাইল ছবি: সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসুর) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে এক হলের জিএসকে মারধরের অভিযোগ উঠেছে। 

বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদ।

শহিদ জানান, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষ্যে তিনি ও তার হলের কয়েকজন শিক্ষার্থী হবিবুর রহমান হল মাঠে খেলা দেখতে যান। খেলার প্রায় ৩০-৩১ মিনিটের সময় রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং হবিবুর রহমান হল সংসদের জিএস আশিক শিকদার তাকে তাদের পাশে বসে খেলা দেখার জন্য ডাকেন। পরে তিনি এলইডি স্ক্রিনের পাশে সুতা দিয়ে ঘেরা নির্ধারিত স্থানে গিয়ে ভিপির পাশে বসেন।

তিনি আরও জানান, খেলা দেখার প্রায় এক মিনিট পর রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও সহ-ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সামি সেখানে আসেন। পরে আম্মার তাকে ওই স্থান থেকে সরে যেতে বলেন। কারণ জানতে চাইলে আম্মার তার গেঞ্জির কলার ধরে টানাটানি করেন এবং সেখানে কেউ থাকতে পারবে না বলে জানান। একপর্যায়ে তাকে জোরপূর্বক ভেতরের স্থান থেকে বের করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তবে শহিদকে মারধরের অভিযোগ অসত্য বলে উল্লেখ করে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, এটি খুবই ছোট একটা বিষয়। রাকসুর আয়োজনে খেলা দেখানো হয়েছে সেখানে সব শিক্ষার্থীই সমান। নারী শিক্ষার্থীরা স্ত্রিনের বামে বসেছিলো। সেখানে কেউ দাঁড়িয়ে খেলা দেখলে নারী শিক্ষার্থীদের খেলা দেখতে অসুবিধা হচ্ছিলো। পাশের এক কোনায় দাঁড়িয়ে আমি সেগুলো নিয়ন্ত্রণ করছিলাম।

তিনি আরও বলেন, শহিদ হঠাৎ সেখানে আসায় তাকে বারণ করা হয়েছে। তাকে স্ক্রিনের ডানপাশে ভিপির পাশে গিয়ে বসতে বলা হয়েছে। কিন্তু শহীদ সেখান থেকে বের হয়ে গালি দিতে দিতে চলে যায়। শুধু মুখে কথা বলা হয়েছে তার গায়ে কোন প্রকার টাচ করা হয়নি। তার টিশার্টে হাত দেওয়া বা কোন প্রকার বাজে ব্যবহারও করা হয়নি।

/এসআর 

Logo