উদ্ধার অভিযান চলছে
জামালপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শিশুরা হলো, রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে ইস্রাফিল ও ওসমান গনি তলিয়ে যেতে শুরু করে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে এরই মধ্যে দুই শিশু নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। ডুবুরি দল যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
/এসআর