বালি-পাথর তুলতে গিয়ে পঞ্চগড়ে মিললো মর্টার শেল
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
পঞ্চগড় সদর উপজেলায় চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালি-পাথর তোলার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বালি-পাথর তোলার সময় শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় এই মর্টার শেলটি খুঁজে পান। ইতোমধ্যে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে এটি নিষ্ক্রিয় করবেন।