বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় শেলা নদীর চরে কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে। নিহত ওই নারী হলেন, সেলিনা বেগম (৫০) বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় সেলিনা বেগমসহ আরও দুইজন নারী জেলে নেট জাল দিয়ে পোনা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির সেলিনাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
পরে সঙ্গে থাকা অন্য দুই নারী জেলে নেট জালের কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
/এমএসটি/এসআইএন