×
Logo

সারাদেশ

ধর্ষণ মামলায় গ্রেফতার শিবিরের বহিষ্কৃত নেতা জিসান কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

ধর্ষণ মামলায় গ্রেফতার শিবিরের বহিষ্কৃত নেতা জিসান কারাগারে

ফাইল ছবি

ফেসবুক পরিচয়ের সূত্রে এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে হাসপাতাল থেকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লার ৩ নম্বর আমলী আদালতের বিচারক তৈয়ব উদ্দিন এই আদেশ দেন। এর আগে সকালে জিসান সম্পূর্ণ সুস্থ থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় কর্তৃপক্ষ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী এক বিধবা নারীর সঙ্গে পরিচয় হয় জিসানের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে জিসান ওই নারীকে ধর্ষণ করেন এবং পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত (ভ্রূণ নষ্ট) করাতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিলেও জিসান ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর, গত শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসান মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধারের পর থেকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিবির নেতা। আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এএ  


Logo