ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারী, শিশু ও বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন।
পরে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথে বিভিন্ন মহল্লা ও এলাকার ছোট ছোট মিছিল এতে যোগ দেয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, রঙিন বেলুন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করেন তারা।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্ট্রাইকার এক ভলেন্টিয়ার বলেন, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি সফল হয়েছে। এটি সকল ফুটবলপ্রেমীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আশা করছি, এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। একই সঙ্গে স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে।
/এওয়াইএ