×
Logo

সারাদেশ

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:১১ এএম

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইনের চেষ্টা করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নারী, শিশু ও পুরুষসহ ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।

বিজিবি জানায়, গত রোববার (১৪ জুন) স্থানীয়  সময় ভোর ৬টায় ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ঝালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে।

বিজিবি আরও জানায়, এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

তবে, বৈঠকে বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এছাড়া আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা যেতে পারে। কিন্তু একতরফাভাবে পুশ ইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে পুশ ইন হওয়া ৯ জন সদস্য। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ছাতা ও পলিথিন সরবরাহ করে তাদের সহায়তা করছে।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করেছে। সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

/এওয়াইএ/এআই

Logo