পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: আবুল কাশেম শেখ
পাবনার সাঁথিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা আবুল কাশেম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আতাইকুলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কাশেম শেখ আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর হাত ধরে টানাহেঁচড়া করেন কাশেম শেখ। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন।
অন্যদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশেম শেখকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে যুবদল। রোববার রাতে আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাশেম শেখকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতভর অভিযান চালিয়ে সোমবার সকালে শাহজাদপুর এলাকা থেকে কাশেম শেখকে গ্রেফতার করা হয়। পরে তাকে আতাইকুলা থানায় নিয়ে আসা হয়েছে।
/এওয়াইএ