সাতক্ষীরায় এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা, ছয় মাসের কারাদণ্ড
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:২৭ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার ক্লিনিকে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছিলো। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, ইয়াছিন আলী কোন এমবিবিএস সার্টিফিকেটধারী চিকিৎসক নন। অথচ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখতেন, প্রাকটিস করতেন। তার ভুল চিকিৎসা দেওয়ার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযানকালে এসবের সত্যতা পাওয়া গেছে ও ডাক্তার পদবি ব্যবহৃত সিলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম।
/এসআর