কুড়িগ্রামে বিএসফের পুশইনের চেষ্টা
২৬ ঘণ্টা পরও শূন্যরেখায় অবস্থান ৯ জনের
স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১৭ এএম
২৬ ঘণ্টা পার হলেও বিএসএফ পুশইন করা ৯ জনকে এখনও ফেরত নেয়নি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং বড়াইবাড়ী ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশইন করা হয়।
বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিএসএফ–বিজিবি কোম্পানি পর্যায়ে। বৈঠকে বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করে এবং তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে তাদের ফেরত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ছিলেন ৬ জন পুরুষ, ২ জন শিশু এবং ১ জন নারী। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তা সফল হয়নি। এ বিষয়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করেছে। পুশইন বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
/এসআইএন