রূপগঞ্জে বেনজীরের ১০ কোটি টাকার ডুপ্লেক্স বাংলো, আগেই জব্দ করেছে আদালত
স্টাফ করেসপনডেন্ট, রূপগঞ্জ
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০১ পিএম
দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতের নির্দেশে বাড়িটি এরইমধ্যে জব্দ করা হয়েছে এবং বর্তমানে এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে।
২০২৪ সালের ৬ জুলাই বিকেলে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার ওই বাড়িটি জব্দ করে।
২০২২ সালে, রাজধানীর অদূরে পূর্বাচল সংলগ্ন দক্ষিণবাগ এলাকায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির ২৪ কাঠা জমির ওপর নির্মিত ‘সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত এই ডুপ্লেক্স বাংলোটি নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
দেশে অবস্থানকালে বেনজীর আহমেদ নিয়মিত এই বাড়িতে যাতায়াত ও রাত্রিযাপন করতেন বলে জানা যায়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাংলোটি পূর্বাচল এলাকায় অন্যতম আলোচিত ব্যক্তিগত আবাসন হিসেবে পরিচিত ছিল।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে, ২০২৪ সালের ৬ জুন সম্পত্তিটি জব্দ করা হয়। পরবর্তীতে সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও তদারকির স্বার্থে জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে বাড়িটি সরকারের তত্ত্বাবধানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ির প্রধান ফটকে সিলগালা করা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পদের তালিকায় রূপগঞ্জের এই আলোচিত ডুপ্লেক্স বাংলোটিও অন্তর্ভুক্ত রয়েছে।
/এওয়াইএ/এআই