×
Logo

সারাদেশ

ঝিনাইদহে তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

ঝিনাইদহে তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় মজুত থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন কারখানার মালিক।

রোববার (১৪ জুন) দুপুরে পৌর শহরের দুধসারা হটাতপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

কারখানার মালিক শাকিল আহমেদ জানান, প্রতিদিনের মতো তিনি ৪ থেকে ৫ জন শ্রমিক নিয়ে কারখানায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায় ভয়াবহ রূপ ধারণ করে।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে ব্যবসাটি শুরু করেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না।

খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানায় মজুত প্রায় ৩০ টন তুলা সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার কুতুব উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

/এওয়াইএ

Logo