রূপগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক
রূপগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে একটি রেস্টুরেন্টের কর্মচারী ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রিয়াজ উদ্দিন (৫৪) নামে একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
রোববার (১৪ জুন) দুপুরে পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরের লেকপাড় এলাকায় অবস্থিত ম্যাজিক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
আটক রিয়াজ উদ্দিন রাজধানীর 'উত্তরা-৭' নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি বেসরকারি আইটি প্রতিষ্ঠান ‘আইটি ভিশন টেকনোলজি’-তে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রিয়াজ উদ্দিন নিয়মিত পূর্বাচল এলাকায় হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে আসত। রোববার সকালে তিনি ম্যাজিক রেস্টুরেন্টে গেলে সেখানে কর্মরত এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলাৎকার করেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এওয়াইএ/এআই