মুন্সিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ১
মুন্সিগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফাইল ছবি
মুন্সীগঞ্জে প্রবাস ফেরত ব্যাক্তির বাড়িতে জিনিস পত্র লুটে নিতে এসে মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) সকালে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব ফেরত প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জনি ইসলাম জানান, সকালে আমি ঘরের ভিতর টয়লেটের মধ্যে ছিলাম। এ সময় কলিং বেল বাজলে আমার স্ত্রী ও মেয়ে টিচার এসেছে ভেবে দরজা খুলে দিলে ওই যুবক সাথে সাথে তার গলায় আঘাত করে। পরে আমার মেয়ে এগিয়ে আসলে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আমি বেরিয়ে এসে দেখি যুবক ঘরের ভেতর আলমারি ভাঙ্গার চেষ্টা করছে। পরে তাকে ধরার চেষ্টা করলে সে আমাকেও আঘাত করে।
পরে, তার স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন জনি ইসলাম।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত মো. শান্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
/এওয়াইএ