×
Logo

সারাদেশ

বেনাপোল বন্দরে ৩ ঘণ্টা পর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

বেনাপোল বন্দরে ৩ ঘণ্টা পর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ক্রেন ও ফর্কলিফ্ট সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে প্রায় ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা। পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

রোববার (১৪ জুন) সকালে বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এই কর্মবিরতি কর্মসূচির কারণে আমদানি করা পণ্যের লোড-আনলোড কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, বন্দরের ভারী যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য ওঠানামার জন্য তাদের ক্রেন এবং ফর্কলিফ্টের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বন্দরে চাহিদার তুলনায় এই যন্ত্রপাতির সংখ্যা খুবই কম। ফলে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় শ্রমিকদের গভীর রাত, এমনকি কোনো কোনো দিন সকাল পর্যন্ত কাজ করতে হয়।

ক্রেন সংকট দূর করা, পর্যাপ্ত ফর্কলিফ্ট সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে তারা এই আন্দোলনে নামেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন এবং বন্দরে পুনরায় কাজ শুরু হয়।

তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে তাদের এসব দাবি পূরণ করা না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

/এমএসটি/এসআইএন

Logo