×
Logo

সারাদেশ

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৪৭ পিএম

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ছেলে

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত আরেক শিশু সন্তান হাসপাতালে ভর্তি। গত শনিবার (১৩ জুন) রাতে উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া ও ১৬ বছর বয়সী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া।

স্বজনরা জানায়, সুজন চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গত রাতে তিনি বাড়িতে ছিলেন না। রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় ৫ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়াকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসেন এ্যানি বড়ুয়া। ঘরের ভেতর পড়ে ছিল প্রিয়ন্তীর মরদেহ। আহত মা ও ছেলেকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক এ্যানি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছে সুজনের। এরই জের ধরে এই হত্যাকাণ্ড। মৃত্যুর আগে এ্যানি তেজপ্রিয়র নামও বলেছেন—এমনটাই দাবি স্বজনদের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এসআইএন

Logo