ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৩
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার বিশ্বজিৎ কর্মকার, নারিকেলবাড়ীয়া এলাকার আব্দুল আল মামুন এবং কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের সোবাহান খাঁ।
প্রেস ব্রিফিংয়ে ওসি জেল্লাল হোসেন বলেন, কয়েকদিন আগে কালীগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর চোর চক্রকে শনাক্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
ওসি আরও বলেন, অভিযানে কালীগঞ্জের নিমতলা এলাকা থেকে ২টি, নারিকেলবাড়ীয়া এলাকা থেকে ২টি এবং গাজীর বাজার এলাকা থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
/এওয়াইএ/এআই