×
Logo

সারাদেশ

পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১২ পিএম

পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পাইলটিং স্কিম চালুর মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এই স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রয়োজন মনে হলে, তবেই রোগীকে হাসপাতালে নেওয়া হবে।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ ও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি এবং দল-মত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারি সেবা পেতে জনগণকে 'ঘুষ' দিতে হয় না। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে বিরোধীদলের নেতারা আজ আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

/এওয়াইএ/এআই 


Logo