×
Logo

সারাদেশ

সুন্দরবনের নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

সাতক্ষীরা করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

সুন্দরবনের নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। শনিবার (১৩ জুন) বেলা ২টার দিকে গাবুরার স্থানীয় যুবকেরা জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখ বাড়ি এলাকার এক জেলে খোলপেটুয়া নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে এনে রাখেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১২ জুন) দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়েছিল। গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে আজ স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলের বাড়িতে গিয়ে তারা বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে কচ্ছপটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কচ্ছপটি ঠিক কোন প্রজাতির, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।

/এমএসটি/এএন

Logo