ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ হারানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওমরাহ হজের লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম ওমরাহ পালন শেষে সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। সফরকালে তার কাছে একটি লাগেজ দিয়েছিলেন হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিন। কিন্তু লাগেজটি হারিয়ে ফেলেন মরিয়ম বেগম।
দেশে ফেরার পর এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সাথে আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা হয়। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন।
খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
/এমএসটি/এএন