চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে এপারে পাঠানোর চেষ্টা চালালেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ১৫ জনকে নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা বাধা প্রদান করেন। বাধার মুখে বিএসএফ ওই ১৫ জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এদিকে, কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে গত সপ্তাহে ১২ জনকে পুশইন চেষ্টার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে পুশইন চেষ্টার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতের এই অনুপ্রবেশ ও পুশইন চেষ্টা ঠেকাতে দেশের সকল সীমান্তে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
/এমএসটি/এএন