×
Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত

স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাত

মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাজেদ আহমেদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লোকমান হোসেন ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। তিনি টঙ্গীবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদরাসায় শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মাদরাসা শিক্ষক মো. লোকমান হোসেন বৃহস্পতিবার দুপুরে তার মাদরাসার শিক্ষার্থী মাজেদ আহমেদকে উপজেলার পশ্চিম সোনারং এলাকায় জনৈক বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে তাকে জোর পূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে মাদরাসা শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপুর্যুপরি আঘাত করে। এতে ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদরাসা শিক্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাজেদ আহমেদকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদরাসা শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

/এওয়াইএ

Logo