মাদারীপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ১ জনের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কবিরাজপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। পথে তাতিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শামীম মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এওয়াইএ