×
Logo

সারাদেশ

নোয়াখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৪ পিএম

নোয়াখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় আরাফতা হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার দেবিসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। সে সেনবাগে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, ফাহিমের নানা আঞ্জু মিয়াজীর বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে হারুনসহ তার সহযোগীরা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বুধবার সন্ধ্যায় হারুন ও তার লোকজন ওই বাড়ির পাশে মাদক সেবন করছিল। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রাতের দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আঞ্জু মিয়াজীর বাড়িতে হামলা চালায়। হামলার সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ফাহিমসহ কয়েকজন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত হারুনকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এওয়াইএ

Logo