দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইল করেসপনডেন্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়ে তাদের মা। এ সময় সুযোগ পেয়ে ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় দুই ভাই বক্কর ও ফারুক। কিছুক্ষণ পর সকাল প্রায় ১০টার দিকে ঘুম ভাঙলে মা সন্তানদের ঘরে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।
এ সময় আশপাশের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে পরিবারের ধারণা অনুযায়ী বাড়ির পাশে থাকা একটি পুকুরে খোঁজ শুরু করে স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এওয়াইএ/এমএন