আখাউড়ায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সমর্থন
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মো. মিন্টু মিয়া এবার আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করে সৌদি আরব জাতীয় ফুটবল দলের সমর্থক হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণ এলাকায় প্রকাশ্যে তিনি একটি সেভেন আপের বোতলে দুধ ভরে সেই দুধ দিয়ে গোসল করে। এ সময় নিজেকে পবিত্র ঘোষণা করে তিনি ব্রাজিলের সমর্থন থেকে সরে আসার কথা জানান।
গোসল শেষে তিনি সৌদি আরব জাতীয় দলের জার্সি পরে নতুন সমর্থনের ঘোষণা দেয় এবং স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করে।
স্থানীয়রা জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা দুধ সেভেন আপের বোতলে ভরে জনসম্মুখে ওই দুধ দিয়ে গোসল করে মিন্টু মিয়া।
দল পরিবর্তনের কারণ জানতে চাইলে মো. মিন্টু মিয়া বলেন, ব্রাজিল নিঃসন্দেহে একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাচ্ছি। নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি আগামী বৃহস্পতিবার (১১ জুন) সকালে ৫০০ ফুট দীর্ঘ সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. ফারক আহমেদ বলেন, দুধ ভর্তি বোতল দিয়ে গোসল করে তিনি প্রকাশ্যে ব্রাজিল সমর্থন ত্যাগ করে। পরে সৌদি আরব সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় এবং আনন্দ মিছিল করে।
/এওয়াইএ/এএ