পিরোজপুরে ট্রাকসহ বেইলিব্রিজ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৪ পিএম
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় কাঁচামালবোঝাই একটি ট্রাকসহ বেইলিব্রিজ ধসে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
একই সঙ্গে পিরোজপুরের সঙ্গে পার্শ্ববর্তী বরগুনা জেলার সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রী।
স্থানীয়রা জানায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামালবোঝাই একটি ট্রাক অতিরিক্ত পণ্য নিয়ে দেবীপুরের বেইলিব্রিজে ওঠার সময় ব্রিজটি ধসে খালে পড়ে যায়। এতে ট্রাকটি ব্রিজের সঙ্গে খালের মধ্যে আটকে যায় এবং সঙ্গে সঙ্গে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকেই ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রী, পণ্যবাহী যানবাহন ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। বিকল্প সড়ক ব্যবহার করে অনেককে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ব্রিজ ধসের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।
/এওয়াইএ