ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে নিয়ামত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে নিয়ামত ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
/এওয়াইএ/এমএন