মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
স্টাফ করেসপনডেন্ট, মৌলভীবাজার
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাজু আহমেদ শোভন (৩৫)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বড়লেখা থানার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেয় অভিযুক্ত সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলার ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে গত রোববার বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে অভিযুক্তকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করে। বিষয়টি স্থানীয়দের জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করে যেখানে তার নামের পাশে এএসপি পদবি উল্লেখ ছিল। পরে যাচাইবাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয় এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে।
এ বিষয়ে পুলিশ জানায়, তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় বড়লেখা থানায় দণ্ডবিধির ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।
/এওয়াইএ/এমএন