ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
জানা যায়, নেয়ামতপুর গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীকে দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ গ্রামের লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানের পাশে একটি স্টিল শিট সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।
/এএন