×
Logo

সারাদেশ

জামালপুরে পুশ ইনের শঙ্কায় সীমান্ত পাহারায় বিজিবি-স্থানীয়রা

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪২ পিএম

জামালপুরে পুশ ইনের শঙ্কায় সীমান্ত পাহারায় বিজিবি-স্থানীয়রা

ভারত থেকে সম্ভাব্য পুশ ইনের আশঙ্কায় জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গভীর রাতে মাইকিংয়ের খবর শুনে অনেক গ্রামবাসী লাঠি, ফালা ও দেশীয় সরঞ্জাম হাতে স্থানীয়রা বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়। স্থানীয়দের দাবি, তারা বিজিবির পাশাপাশি সীমান্তে নজরদারিতে অংশ নিয়ে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখে।

সোমবার (৮ জুন) গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুরসহ সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে সম্ভাব্য পুশ ইন ঠেকাতে সতর্ক রয়েছে।

স্থানীয়রা জানান, উত্তর রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তের ১০৮০ নম্বর পিলারসংলগ্ন এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি ও বিএসএফ সদস্যদের উপস্থিতি নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দেয়। খবর ছড়িয়ে পড়লে রাতভর অনেকে সীমান্ত এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এক স্থানীয় বাসিন্দাকে বলতে শোনা যায়, আমরা গ্রামের মাইকের আওয়াজ শুনে এখানে এসেছি। ১০৮০ নম্বর পিলারের কাছে আমরা অবস্থান করছি। আমাদের চোখের সামনে ভারতের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে অনেক বিএসএফ সদস্য রয়েছে। বিজিবিকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীও এখানে এসেছে যাতে কোনো পুশ ইন করতে না পারে। সাধারণ জনগণ হিসেবে আমরা বিজিবির সঙ্গে আছি। সীমান্ত রক্ষায় আমাদের যতটুকু সাহস আছে তা নিয়েই আমরা অবস্থান করছি। ভারতের বন্দুকের নল দেখে আমরা ভয় পাই না।

এদিকে, সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান বলেন, তাদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্বেগজনক কোনো পরিস্থিতি না থাকলেও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

/এওয়াইএ


Logo