হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির নিরাপত্তা জোরদার
হবিগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:১৯ পিএম
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক পুশ ইনের প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্বরত ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ ইনের ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে প্রতিদিন রাতে ৫৫ বিজিবি সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি আরও জানায়, পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। এসব বৈঠকে পুশ ইন সংক্রান্ত সন্দেহজনক কার্যকলাপ শনাক্তকরণ এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। বিজিবির এ উদ্যোগে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া হচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি উঠান বৈঠকের পরিধিও বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
/এওয়াইএ