×
Logo

সারাদেশ

রাঁধুনির সঙ্গে পালিয়ে গেলেন হেড বাবুর্চি, প্রতিশোধে বাবুর্চির বউকে তুলে আনলেন রাঁধুনীর স্বামী

টাঙ্গাইল করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

রাঁধুনির সঙ্গে পালিয়ে গেলেন হেড বাবুর্চি, প্রতিশোধে বাবুর্চির বউকে তুলে আনলেন রাঁধুনীর স্বামী

ছবি: এআই জেনারেটেড

স্থানীয় একটি এনজিওতে রাঁধুনির কাজ করতেন মির্জাপুরের হাসান আলীর স্ত্রী। একই এনজিওতে হেড বাবুর্চির দায়িত্বে ছিলেন ফরিদপুরের রাজু। কাজের সূত্রেই তাদের মধ্যে ধীরে ধীরে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এরই মধ্যে এই ঘটনার প্রতিশোধ নিতে বাবুর্চির বউয়ের সঙ্গে যোগাযোগ করেন রাঁধুনির স্বামী। পরে তিনি চলে যান বাবুর্চির শ্বশুরবাড়ি সাতক্ষীরায়। সেখানে গিয়ে তার স্ত্রীকে বুঝিয়ে সন্তানসহ তুলে নিয়ে আসেন।

টাঙ্গাইলের মির্জাপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই পরিবারের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে, গত ৭ মে দুইজন স্বেচ্ছায় পালিয়ে যায়। হাসান আলীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, রাজুর পরিবারেও সন্তান রয়েছে। ফলে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে চরম অস্থিরতা ও জটিলতা।

ঘটনাটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, একটি অন্যায়ের প্রতিশোধ আরেকটি অন্যায় দিয়ে হতে পারে না। একই সঙ্গে একটি তিন বছর বয়সী শিশুকে এ ধরনের ঘটনায় জড়িয়ে ফেলা মানবিকতার দিক থেকেও উদ্বেগজনক।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, অসুস্থতার কারণে ঢাকায় ছিলাম। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

/এওয়াইএ/এসআইএন

Logo