৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা–উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর মেরামত শেষে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
রোববার (৭ জুন) সকালে সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা থেকে মেকানিক দল এসে লাইনচ্যুত ট্রেনটি মেরামতের কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এ কাজ শেষ হয় বিকেল ৩টার দিকে। পরে খুলনা–উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের তিনটি ট্যাংকারের মোট ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এবং পাকশি থেকে আরও দুটি উদ্ধারকারী ট্রেন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
/এওয়াইএ